ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুট্টাপাড়া গ্রামের কামারবাড়ীসংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার একদল কিশোর ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে কিশোরদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জেরে দুপুর ১২টার দিকে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা ডাইনপাড়ার দলের সজীব মিয়াকে (১৯) মারধর করে মাথা ফাটিয়ে দেয়। কিছুক্ষণ পর দুই গ্রামবাসী বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে দুই পাড়ার মাঝখানের জমিতে সংঘর্ষে লিপ্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন।

সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, বড় ধরনের সংঘাত এড়াতে দুজন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।