নারায়ণগঞ্জের মদনপুরের জাহিন নিট ওয়্যার কারখানায় আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারটি ইউনিট। গতকালও কারখানার বিভিন্ন ইউনিটে কাপড় নিচ থেকে ধোঁয়া উঠছিল। আবার কয়েক জায়গায় আগুনের শিখা উঠলে শ্রমিকরা তা নিভিয়ে ফেলেন। আগুনে পুড়ে ছাই হয়েছে চারটি ইউনিটের বিপুল পরিমাণ ফেব্রিক্স, সুতা, তৈরি পোশাক, নিটিং মেশিন, সুইং মেশিন, ফিনিশিং বিভাগ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি ইউনিটের স্টিল স্ট্রাকচারে নির্মাণ করা শেড। ২ ও ৪ নম্বর ইউনিটের দুটি শেড ধসে পড়েছে। সব মিলিয়ে মালিক পক্ষের দাবি প্রায় ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
এদিকে শুক্রবার বিকালে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের প্রায় ৬ ঘণ্টা সময় লেগেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া চারটি ইউনিট তল্লাশি শেষে গতকাল সকাল ৯টায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে আগুনে চরটি ইউনিট পুড়ে যাওয়ায় কারখানায় কর্মরত শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ।
আগুনে পুড়ে গেছে হাজারো শ্রমিকদের স্মৃতিবিজড়িত কারখানা। মাস শেষ হয়ে এসেছে মালিক কী বেতন দিতে পারবেন, নতুন করে কবে কারখানা চালু হবে এসব প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার।
শ্রমিক নিজাম উদ্দিন, সালেহা বেগম, রাইসা বেগমসহ কয়েকজন আগুনে পুড়ে যাওয়া ৪ নম্বর ইউনিট দেখতে এসেছেন। মোবাইল আগুনে পোড়া ধ্বংসস্তূপের ছবি তুলে জানান, এ কারখানায় তাদের অনেক স্মৃতি রয়েছে। চার বছর ধরে কারখানায় কাজ করেন সালেহা ও রাইসা। তারা জানালেন আগুনে কারখানা মালিক যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি তারাও।










