রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে অভ্যর্থনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জমায়েত হয়েছেন তারা।

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী বিমানটি ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে শাহজালাল বিমানবন্দরে উপস্থিত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ বিএনপির শীর্ষ নেতারা। সেখানে দলের নেতাদের সঙ্গে আলিঙ্গন করেছেন তিনি।

এসময় ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন।