কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন সলিম উল্লাহ (৩৩) ও মো. রেদোয়ান (২৬)। ঘটনাটি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত দুজনই তালিকাভুক্ত দুষ্কৃতিকারী ছিলেন। 

তিনি আরো বলেন, "৬০ জনের মতো সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী ক‍্যাম্প ৮ ইস্টের প্রধান মাঝি মো. রফিকে মারতে যায়। খবর পেয়ে এপিবিএনের টহলরত টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে রোহিঙ্গারা ‘পুলিশ পুলিশ’ বলে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।" 

ওসি জানান, দুই রোহিঙ্গা তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ আরেকজন পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।