যশোরের অভয়নগরে গুলি করে এক মত্স্য ঘের ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সকালে উপজেলার দামুখালী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুব্রত মণ্ডল (৫০) উপজেলার দামুখালী গ্রামের অনাদি মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুলমাঠের পাশে তেমাথা নামক স্থানে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র আরো জানায়, সুব্রত মণ্ডল অভয়নগর উপজেলার ভবদহ বাজার মত্স্য আড়ত সমিতির সদস্য ছিলেন। তার নামে অভয়নগর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি খুলনা জেলার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন।

অভয়নগর থানার এএসআই সুলতানা জানান, দামুখালীতে দুর্বৃত্তরা একজনকে গুলি করে হত্যা করেছে।