নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন নৌকা প্রতীক, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক।
এ দুজন ছাড়াও কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, স্বতন্ত্র প্রার্থীসহ সিটি নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রতীক পাওয়ার পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, জনগণের চাহিদার কারণে সিটি করপোরেশন নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। জনগণ আমাকে এ নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা আমার পাশে আছে।
এ সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সরকারি দলের প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের এমপিরা জনসভা করেছেন। কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি। নির্বাচন কমিশন ও প্রশাসন বোবা ও অন্ধের ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, হাতি যদি কোনো নৌকায় ওঠে, তবে কি নৌকার তলি থাকে? এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা হাততালি ও স্লোগান দিয়ে সমর্থন জানান। তৈমুর বলেন, হাতি যখন নৌকার ওপর উঠে গেছে বাকিটা আল্লাহ ভরসা।
প্রতীক পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জবাসী এবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইভী বলেন, নগরবাসীর ওপর ট্যাক্স বাড়ানোর কথা সম্পূর্ণ মিথ্যা। প্রতিদ্বন্দ্বী প্রার্থী (তৈমুর আলম খন্দকার ) সুকৌশলে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। গতকাল সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থী ১৮৯ জনের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীদের সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্গন করলে বিধিমোতাবেক সেই প্রার্থী বা তার সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










