কক্সবাজারে নিশাত আহম্মেদ নামের এক নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উন্নয়ন সংস্থা ইউএনডিপিতে কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্বার করা হয়।

এদিকে এ মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তে মূল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিশাত আহম্মেদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার বলে জানা গেছে।

স্থানীয় প্রতিবেশীদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তারা আরো জানান, নিহত নিশাত আহম্মেদ ইউএনডিপিতে চাকরি করেন। বিকেলের দিকেও নিশাত আহম্মেদকে তারা দেখেছেন। রাতে ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহ দেখে স্থানীয়রা কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত এক মাস আগে গফুর সওদাগরের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নিয়ে নিশাত সেখানে একা থাকতেন।

বাড়ির মালিক জানান, তার কাছে নিশাতের কোনো পরিচয়পত্র বা কোনো ধরনের কাগজ পত্র নেই।

নিশাত আহম্মেদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।