টেকনাফে গণপিটুনির পর আহত দুই রোহিঙ্গার
একজন নিহত হয়েছেন। অপহরণ চেষ্টার অভিযোগে তাদের ওপর দলবদ্ধভাবে আক্রমণ করে স্থানীয়রা।
পরে পুলিশ দুই রোহিঙ্গাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার (৩১ জুলাই) টেকনাফের হোয়াইক্যং
ইউনিয়নের মিনাবাজারের ঘোনা নামকস্থানে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আজিমুল্লাহ। তিনি কুতুপালং
১নং ক্যাম্পের বাসিন্দা। আহত মোহাম্মদ হাশেমও একই ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় আবছার
ও তার ছোট ভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘোনার কাছে এলে
আবছারকে অপহরণকারীরা বেঁধে ফেলে। এ সময় ছোট ভাই চিৎকার করলে পেছনে থাকা তাদের বাবা
শাহ আলম দুজনকে ধরে ফেলেন। এ সময় স্থানীয়রা মিলে আজিমুল্লাহ ও হাশেমকে গণপিটুনি দেন।
পরে পুলিশ দুজনকে উদ্ধার করে চিকিৎসার
জন্য হাসপাতালে পাঠায়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)
রোকনুজ্জামান বলেন, অপহরণ করতে এসে দুই রোহিঙ্গা জনতার হাতে আটক হয়। জনতার গণপিটুনিতে
একজন নিহত হয়েছে আরেকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










