শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ বেলা ২টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকেও একই কর্মসূচি ঘোষণা দেন।
গতকাল রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়, ‘শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে (শাহবাগ) কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল (আজ) বেলা ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।’
গতকাল রাত ১১টার দিকে তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে যান। সেখানে আন্দোলনরত জনতার উদ্দেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন উপদেষ্টা। ৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেয়ার প্রতিশ্রুতি দেন রিজওয়ানা হাসান। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার কথাও অঙ্গীকার করেন।
উপদেষ্টা বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এর পেছনে যারা কাজ করেছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনে রাখতে হবে, একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করতে হচ্ছে। যে তথ্যটা বলা হবে, সেটি যেন শত্রুকে কোনোভাবে সাহায্য না করে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনার পেছনে কারা আছে, তা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য গোয়েন্দা বাহিনীকে নিয়োগ করেছে সরকার। এরই মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের যথেষ্ট অগ্রগতি আছে। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল, মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ২১৮ কোটি টাকা সই করা চেক উদ্ধার করা হয়েছে। যথেষ্ট অগ্রগতি আছে। আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে এ মামলার অভিযোগপত্র দেয়া হবে।’
ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা।










