মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পোস্টে মোদির দাবিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখেন বলে জানিয়েছেন হাসনাত।
আজ (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন— 'আজ বিজয় দিবসে, আমরা সেই সাহসী সৈনিকদের বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিলেন। তাদের নিঃস্বার্থ আত্মনিবেদন ও অটুট সংকল্প আমাদের দেশকে সুরক্ষিত করেছিল এবং আমাদের গৌরব বৃদ্ধি করেছিল। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অবিচল মনোবলকে শ্রদ্ধা নিবেদন করার দিন। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে চিরকাল গভীরভাবে অঙ্গীভূত থাকবে।'

মোদির দাবির প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি আজ ফেসবুকে দেয়া পোস্টে লেখেন- 'তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এরবেশি কিছু নয়।'
মোদির পোস্টের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লেখেন— 'এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।
যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।
ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।'










