নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়ে মিলের কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন বেলায়েত হোসেন (৫৫), সিরাজুল
ইসলাম (৫০), হযরত
আলী (৪৫) ও নিরাপত্তা প্রহরী রানা (৩০)। আহতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি গন্ধর্বপুর এলাকায়।
আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ২টার দিকে অটো রাইস মিলের বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ভেতরে আগুন ধরে যায়। আগুনের কালো ধোঁয়া অনেক ওপরে উঠে যায়। খবর পেয়ে ডেমরার কাঞ্চন ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বয়লার বিস্ফোরণে কারখানায় আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।










