কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ নেতা মো. হুসেন মাঝি নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) ভোরে কক্সবাজারের উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।

এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়। কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ জানিয়েছেন, ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় আরসা সদস্যরা পুলশিকে লক্ষ করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়।এ সময় ওই রোহিঙ্গা সন্ত্রাসী নেতা নিহত হন। নিহত হুসেন মাঝির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযান এখনো চলছে।

এর আগে শুক্রবার ভোরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ৮ ওয়েস্টে আরসা ও আরাকান সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলিতে পাঁচজন রোহিঙ্গা  নিহত হয়েছেন। ওই ঘটনায় নিহতরা সবাই আরসা সদস্য বলে জানিয়েছিল পুলিশ।