ব্রাহ্মণবাড়িয়ায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই মেম্বার প্রার্থীকেই আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নে আকস্মিক এ ব্যাপারটি ঘটে।

স্থানীয়রা জানান, ভাতশালা গ্রামের মেম্বার প্রার্থী বাবুল মিয়া ও দতাইশ্বার গ্রামের মেম্বার প্রার্থী শাহিনের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে জোর করে ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ১৫ জন। বিজিবির স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুই মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।