বিদেশী বিনিয়োগকারী আকৃষ্ট করতে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রিসোর্ট সংযুক্ত করা হয়েছে। বিনিয়োগকারীদের এক ভবনে সব সেবা দিতে মূলত যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাব লিজ নেয়া ‘খান প্রোপার্টিজের’ চেয়ারম্যান মাসুদুর খান মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি করেন।
তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় যশোরের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশের প্রথম ডিজিটাল জেলায় এখন অতীতের চেয়ে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা আসবেন। শেখ হাসিনা সফটওয়্যার পার্কে আগে যেসব বিদেশী বিনিয়োগকারী আসতেন তারা শুধু ডরমেটরিতে রাত যাপনের সুবিধা পেতেন। এখন এটিকে তিন তারকা মানের হোটেল ও ক্যাফেটেরিয়ায় রূপান্তর করা হয়েছে। পার্কের অভ্যন্তরের লেকটিকেও রিসোর্টের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। মিটিং, আবাসন, ঘোরাঘুরি, নিরাপত্তা, বিনোদন সব সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। তথ্যপ্রযুক্তি খাতের মানুষের পদচারণায় মুখরিত থাকবে এ পার্ক।
মাসুদুর খান আরো বলেন, ‘আমরা ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আইটি পার্কের হোটেলকে ঘিরে রিসোর্টের সেবা দিতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। নাম দেয়া হয়েছে “যশোর আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্ট।’’ তবে আইটি পার্কের দক্ষিণ প্রান্তের মূল ভবনে সফটওয়্যার টেকিনোলজি সংক্রান্ত কার্যক্রমের কোনো ব্যাঘাত হবে না, বরং আইটি খ্যাতের বিনিয়োগকারীরা আকর্ষিত হবেন। এ পার্কের ব্যবসায়ীরা এমন উদ্যোগে খুশি।










