নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাওনা বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। গতকাল বিকালে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকার মার্কারি নিটওয়্যার প্রাইভেট লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

জানা যায়, কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় মার্কারি নিটওয়্যার প্রাইভেট লিমিটেড নামের একটি গার্মেন্টসে শ্রমিকদের তিন মাস ধরে বেতন বকেয়া পড়ে গেছে। মালিকপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও বকেয়া পরিশোধ করছে না। গতকাল শ্রমিকদের পাওনা পরিশোধের শেষ দিন ছিল। শ্রমিকরা গার্মেন্টসে এসে জানতে পারেন, মালিকপক্ষ বেতন পরিশোধ না করার জন্য টালবাহানা শুরু করেন। বেলা সাড়ে ৩টার দিকে গার্মেন্টসের অভ্যন্তরে চার শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করেন। বিকাল ৫টার দিকে গার্মেন্টস থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিক বিক্ষোভের ফলে মহাড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, গার্মেন্টসের মালিকপক্ষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করছে না। বেতন না পাওয়ায় টাকার অভাবে বাসা ভাড়া, দোকান বাকি, ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করাতে পারছেন না শ্রমিকরা।

মার্কারি নিটওয়্যার প্রাইভেট লিমিটেডের শ্রমিক আকলিমা আক্তার বলেন, মালিকপক্ষ আমাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছেন। ফলে আমাদের জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে। বাসা ভাড়ার জন্য বাড়ির মালিকরা চাপ দিচ্ছেন।

মার্কারি নিটওয়্যার প্রাইভেট লিমিটেড ম্যানেজার (হিসাব) মো. সিরাজুল ইসলাম বলেন, মালিকপক্ষের সমস্যা থাকার কারণে আজ (গতকাল) বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে দুয়েকদিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. সাজ্জাত করিম খান বলেন, অল্প সময়ের জন্য শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে কথা বলে আগামী দুদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।