ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে ঋতিক ঋষি (৭) ও অজন্ত ঋষি (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঋতিক ঋষি ওই এলাকার ঝান্টু ঋষি ছেলে ও অজন্ত ঋষি জেলার কসবা উপজেলার অজিত ঋষির ছেলে।
ঋতিক ঋষির বাবা ঝান্টু ঋষি জানান, অজন্ত কিছুদিন আগে বিয়ে উপলক্ষে আমার বাড়ি বেড়াতে এসেছিল। সে আমার শ্যালিকার ছেলে। গতকাল সকাল থেকে বাড়ির সবাই মিলে বিয়ে বাড়ির ময়লা কাপড়-চোপড় পরিষ্কার করছিলেন। এরই মাঝে কোনো একসময় ঋতিক ও অজন্ত কাশিনগর ব্রিজ থেকে তিতাস নদীর পাশে খালে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে তিতাস নদীর পাশের খাল থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










