নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যে কালো টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

দুবারের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী গতকাল সকালে ৪ ও ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি ৪ নং ওয়ার্ডের শিমরাইল, আটি, আজিবপুর, ৫ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার, ওমপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে অভিযোগ করেন, ১৬ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে একটি পক্ষ ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ছড়াচ্ছে। তিনি বলেন, কালো টাকার ব্যবহার রোধে প্রশাসন ও গণমাধ্যমকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। যাতে কেউ জনগণের ভোটাধিকার প্রয়োগে প্রভাবিত করতে না পারে।

তৈমুর আলম গতকাল ১৬ নং ওয়ার্ডের দেওভোগ, শুকুরকারী, ১ নং বাবুরাইল ও ২ নং বাবুরাইলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি কালো টাকা ছড়ানোর অভিযোগ খণ্ডন করে বলেন, কালো টাকা কারা ছড়াচ্ছে—এটি আমার জানা নেই। প্রশাসন ও সাংবাদিকদের উচিত কারা কালো টাকা ছড়াচ্ছে তা খুঁজে বের করা। আমি ভোটের মাঠে আছি, জনগণই আমার আস্থা। আমি ব্যক্তিস্বার্থে কারো ক্ষতি করিনি। আমার কোনো গণবিরোধী ভূমিকা নেই। আমার ব্যক্তিগত কর্মকাণ্ডকে নারায়ণগঞ্জ মানুষ মূল্যায়ন করবে।