কক্সবাজারে পাঁচ লাখ ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের মৃত খুইল্ল্যা মিয়ার ছেলে মহররম আলী, একই ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডাঙার পাড়ার দুদুমিয়া বলীর ছেলে আমান উল্লাহ, চান্দলী পাড়ার মৃত আবু তালেবের ছেলে আবদুল মুনাফ, আবুল হোসেন প্রকাশ হাশেমের ছেলে জাহিদ হোসেন, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে নূর আলম, উখিয়ার বালুখালীর ৯ নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের জামাল হোসেনের ছেলে আবদুল পেডাম ও টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার ফয়সল আহমদ প্রকাশ ফজল আহমদের ছেলে আ. শুক্কুর। রায় ঘোষণাকালে দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সরকারি আইনজীবী ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার রায়ে যাবজ্জীবন দণ্ডিত আসামি রোহিঙ্গা শরণার্থী আবদুল পেডামকে সাজা ভোগের পর তাকে মিয়ানমারে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য রায়ে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।










