গতকাল সকাল থেকে দুপুরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের বরাতে বিস্তারিত:
টাঙ্গাইল: জেলার দেলদুয়ারে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুর রহমান (২৯) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আত্মীয়বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশে যাত্রাপথে শাহধারীপাড়া এলাকায় পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বাবা ও মেয়ে দুজনে হঠাৎ বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন। একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে দুটি গরুও বজ্রপাতে মারা যায়।
বরগুনা: হঠাৎ বজ্রপাতের ঘটনায় মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওই কৃষক সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের মো. সেকান্দরের ছেলে। সকালে বুড়িরচর ইউনিয়নের মস্তুকটা এলাকার কৃষক মহিউদ্দিন তার কৃষিজমিতে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ ওই এলাকায় একটি বজ্রপাতে ঘটনাস্থলেই মহিউদ্দিনের মৃত্যু হয়।
পটুয়াখালী: জেলার দুমকি উপজেলায় ফসলের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন মজিবর। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শরীয়তপুর: জেলার গোসাইরহাট উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা দেখা দিলে মাঠে গরু আনতে যান মুছা। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর: জেলার মঠবাড়িয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ-সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গরু খুঁজতে মাঠে পৌঁছামাত্রই তার ওপর বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরিশাল: জেলার আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তানভীর খান ওই গ্রামের ওয়াসিম খানের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর খান বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে বজ্রপাতে নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় দিনমজুর নবী ওই গ্রামের নোয়াবাড়ির মনির হোসেন মিজির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ধানখেতের পাশ দিয়ে বাড়ির কাছাকাছি এলে বজ্রপাতে তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










