বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন রিটেইলার ইনডিটেক্স। রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পরিদর্শন ও সাক্ষাতকালে আলোচনায় ইনডিটেক্সের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি জানানো হয়।

এ বিষয়ে আজ সোমবার (৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন রিটেইলার ইনডিটেক্সের সিইও অস্কার গার্সিয়া ম্যাসেইরাসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গতকাল বিজিএমইএ পরিদর্শন করেছেন। বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রতিনিধিদলকে স্বাগত জানান। দলটির সঙ্গে বৈঠকে বিজিএমইএর সাপোর্ট কমিটির সদস্য ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ, শামস মাহমুদসহ অন্য নেতারা ছিলেন।

ইনডিটেক্সের প্রতিনিধিদলে ছিলেন চিফ সাসটেইনেবিলিটি অফিসার ফ্রান্সিসকো জাভিয়ের লোসাদা মন্টেরো, সিইও অফিসের প্রেস ও কমুনিকেশন প্রধান রাউল এস্ত্রেডেরা ভাজকেজ, পাবলিক অ্যাফেয়ার্স প্রধান সান্তিয়াগো মার্টিনেজ লাগে সোব্রেডো, কান্ট্রি হেড জাভিয়ের সি. সান্তোঞ্জা ওলসিনা এবং কমিউনিটি ইনভেস্টমেন্টের প্রধান কার্লোস পিনেইরো আনেইরোস।

বৈঠকে মূলত বাংলাদেশের পোশাকখাতের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো, বিশেষ করে সহযোগিতার সুযোগ, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা এবং বিশ্ববাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর কৌশলগুলো নিয়ে আলোচনা হয়।

কয়েক দশক ধরে বাংলাদেশের পোশাক শিল্পে, বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং পরিবেশগত সাসটেইনেবিলিটির মতো ক্ষেত্রগুলোতে যে উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে, তার প্রশংসা করেন সিইও অস্কার গার্সিয়া ম্যাসেইরাস। এ ক্ষেত্রগুলোতে প্রচেষ্টা অব্যাহত রেখে বাংলাদেশ বিশ্ববাজারে নিজের অবস্থান আরো শক্তিশালী করবে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে ইনডিটেক্সের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের কথা উল্লেখ করে আগামীতে দেশে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণের বিষয়েও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনাকালে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন পোশাক শিল্পের বর্তমান অবস্থা, বিশেষ করে পণ্য বৈচিত্র্যকরণ, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নে শিল্পের চলমান প্রচেষ্টাগুলো তুলে ধরেন। সেই সঙ্গে মূল্য সংযোজিত পোশাক উৎপাদনে বাংলাদেশী সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সরবরাহকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে ইনডিটেক্সের প্রতি আহ্বান জানান।

এ সময় বিজিএমইএ নেতারা শিল্পে পরিবেশবান্ধব অনুশীলন উৎসাহিতকরণের প্রচেষ্টার অংশ হিসেবে পোশাক উৎপাদনে টেকসই উপকরণ, বিশেষ করে পাটের ব্যবহারের সম্ভাবনাও তুলে ধরেন।