নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের প্রাণহানির ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমএ হাসেম ও তার দুই ছেলে জামিন পেয়েছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, ভার্চুয়াল শুনানিতে আসামিপক্ষের আইনজীবী এ মামলায় কারাবন্দি ছয় আসামির জামিন আবেদন করলে আদালত এমএ হাসেম এবং তার দুই ছেলে তারেক ইব্রাহিম ও হাসিব বিন হাসেমের জামিন মঞ্জুর করেন। আদালত একই সঙ্গে প্রতিষ্ঠানের ডিজিএম ও প্রধান নির্বাহী কর্মকর্তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৮ জুলাই বিকালে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে নিহত হন কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে। আসামিদের মধ্যে এর আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমএ হাসেমের দুই ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান। এ মামলার পর শ্রম আদালতে শ্রম আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানের মালিক ও ডিজিএমের বিরুদ্ধে পৃথক মামলা করে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃপক্ষ।