নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন, অন্য কেউ দিতে পারবে না। আমরা দিনক্ষণ বলছি না, আমরা বলছি সবাই মিলে দেশ গড়ি। সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছি। এককভাবে ক্ষমতায় গেলেও সবাইকে নিয়ে জাতীয় সরকার করা হবে।’ গতকাল চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে যুবদলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশের জনগণ ভোটাধিকারের মাধ্যমে জনতার সরকার চায় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ মানবে না। আগামীর রাজনীতি কী হবে তার সিদ্ধান্ত দেবে জনগণ, কেউ দিতে পারবে না। হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছেন, শেখা হাসিনাও চেয়েছেন, তবে পারেননি। আমরা ৩১ দফা ঘোষণা করেছি। ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এটার বাস্তবায়ন হবে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। আগামী দিনে এসব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। জাতির জনক বলতে যা বোঝায়, এগুলো এক ব্যক্তির নয়, এগুলোর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সবাইকে স্বীকৃতি দিতে হবে। গুম, খুন, হত্যা মামলা, নিপীড়ন, আইনের শাসন কেড়ে নেয়া হয়েছে এক ব্যক্তির নাম দিয়ে।’