ব্রাহ্মণবাড়িয়ার শেখ হাসিনা সড়কের উন্নয়নে (নূরপুর জিসি-কালীবাড়ী আর অ্যান্ড এইচ) আরো ১০ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আধা সরকারিপত্রের আলোকে এ বরাদ্দ দেয়া হয়েছে। ৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলে প্রকল্প পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের দেয়া চিঠি থেকে জানা যায়।

এ বরাদ্দের অর্থে নূরপুর জিসি-কালীবাড়ী আর অ্যান্ড এইচ সড়কের বিজয়নগর অংশে প্রায় ৫ কিলোমিটার কার্পেটিংয়ের কাজ হবে। এছাড়া সিসি ব্লক পুনঃস্থাপনসহ সড়কের ১২১৩ মিটার অংশে সুরক্ষাকাজ হবে। ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম জানান, এ প্রকল্প বাস্তবায়ন এবং সেতুর এপ্রোচের কাজ শেষ হলে সড়কটি চালু হয়ে যাবে।

পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা মো. শহীদ মিয়া বলেন, শেখ হাসিনা সড়ক শুধু একটি সড়ক নয়, এটি আমাদের স্বপ্ন। সড়কটি হলে আমরা কয়েক ইউনিয়নের বাসিন্দা খুব সহজে জেলা সদরে যাতায়াত করতে পারব। আমাদের আর পায়ে হেঁটে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হবে না। লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মনির ভূঁইয়া বলেন, এ সড়কের কারণে বহু মানুষ কষ্ট করছে। অসুস্থ ব্যক্তিকে নিয়ে হাসপাতালে যেতে যেতেই রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। সড়কটি হয়ে গেলে কষ্ট লাঘব হবে।

বিজয়নগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, এ সড়কের কাজে অনেক প্রতিবন্ধকতা ছিল। সব পেরিয়ে সড়কের কাজ এখন শেষ পর্যায়ে।  আমরা আশা করছি, ২০২২ সালের শেষ দিকে সেতুগুলোর কাজ পুরোপুরি শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। তখনই মানুষ সড়কের সুফল ভোগ করতে পারবে।