কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় তাইফুর নামে এক শিশু আহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা বৃদ্ধ কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা ও নৈশপ্রহরী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার দুটি আরসা ও আরএসও নামে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার রাত ১টার দিকে কুতুপালং ৮নং ক্যাম্পের ডি ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নৈশপ্রহরীর দায়িত্ব থাকা সৈয়দ আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ শিশু তাইফুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকে অভিযান চলছে।