চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার (৬৯) নিহত হয়েছেন। তিনি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল সাড়ে ৯টায় হাসপাতালে তার মৃত্যু হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সিফাতুল মাজদার বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে নুরুল ইসলাম তালুকদারকে কুপিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হত্যার কারণ, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।










