কক্সবাজার গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সকালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ২২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে থেকে একটি মাছ ধরা ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

বিকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় কোস্টগার্ড পূর্ব জোন বিসিজি স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদ।

তিনি বলেন, ‘২৩ এপ্রিল এফবি সজীব-১ নামের একটি ট্রলারে ভোলা জেলার মনপুরা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে সমুদ্রে রওনা দেন উদ্ধারকৃত জেলেরা। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীন গভীর সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে যাওয়া মাছ শিকারের ট্রলারটি ভাসতে ভাসতে সেলফোনের নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা উদ্ধারে সহায়তা চেয়ে প্রশাসনকে অবগত করেন।’

 এ সময় গভীর সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি জেলেরা। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ মনসুর আলীর অধিনায়ক ক্যাপ্টেন জুবায়ের শাহীনের নেতৃত্বে তাৎক্ষণিক সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে ১৯ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।’