ঠাকুরগাঁও-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।’

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘তারা আবারো আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এ অঞ্চলের মানুষের সেবা করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব।’

নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশ উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থসামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির মহাসচিব।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আগের মতো এবারো আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এ অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।’ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা দেয়ার আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ে এক মোনাজাতে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।’

তিনি বলেন, ‘এ ব্যবস্থায় নারী-পুরুষ সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই আমরা।’

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে তিনজন, ঠাকুরগাঁও-২ আসনে আটজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. খাদেমুল ইসলাম।