বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা।
গতকাল বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করেন তারা। একই সঙ্গে পরিষদের নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিষদের নেতারা গুলশান কার্যালয়ে শোক বইয়ে খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের লড়াইয়ে তার অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধাপূর্ণ বার্তা লিপিবদ্ধ করেন।
শোক বইয়ে সই করা শেষে প্রতিনিধি দলটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকসন্তপ্ত তারেক রহমানকে ব্যক্তিগতভাবে সান্ত্বনা জানান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও অন্য শীর্ষ নেতারা।
হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।










