সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মহানগর মুখ্য হাকিম আবুল কাশেমের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইন্দ্রনীল ভাট্টাচার্য।
গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরদিন ভুক্তভোগী নারীর স্বামী শাহপরাণ থানায় ছাত্রলীগকর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গ্রেপ্তার আট আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
এছাড়া গ্রেফতার আট আসামির ডিএনএ নমুনার সঙ্গে মামলার আলামত হিসেবে সংগ্রহ করা ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। ঘটনার প্রায় দুই মাস পর আদালতে অভিযোগপত্র জমা দিল পুলিশ। তারা হলেন- প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া, আইনুদ্দিন, মাহফুজুর রহমান ও তারিকুল ইসলাম তারেক।
জানা গেছে, অভিযোগপত্রে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণে সরাসরি যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। আর অন্য দুজনকে ধর্ষণে সহযোগী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। আট আসামির মধ্যে যাদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ উঠেছে তারা হলেন রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান।










