ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রিপা বেগম (২৩)। গতকাল সোমবার রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে নবজাতকের জন্ম দেন তিনি।

রিপা বিজয়নগর উপজেলার ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। চার সন্তানের মধ্যে একটি ছেলে ও বাকি তিনজন মেয়ে।

ডা. শারমিন সুলতানা জানান, প্রথম থেকেই আমার তত্ত্বাবধানে রিপা বেগম চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গর্ভবতী অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল। পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে তিনি করোনা নেগেটিভ হন। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান। রোগীর পরিবারের সদস্য আমার কথা শুনেছেন। তারা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

তিনি আরও জানান, সোমবার বিকেলে প্রসব ব্যথা উঠলে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। স্বাভাবিকভাবে একটি শিশু প্রসব করার পর রিপার লেবার পেইন আর বাড়েনি। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অন্য তিন শিশুকে প্রসব করানো হয়।

চার নবজাতকের বাবা সাগর আলী বলেন, আমি কৃষি কাজ করি। দীর্ঘদিন বাচ্চা নেয়ার চেষ্টা করিনি। পরে গত ২ বছর আগে আমার স্ত্রী গর্ভবতী হয়ে প্রসবের সময় একটি বাচ্চা মারা যায়। বিয়ের দীর্ঘ ১০ বছর পর এখন চারটি বাচ্চা দেখে আমার হৃদয় জুড়িয়ে গেল। আমি অনেক খুশি।