নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ মেয়র পদে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। মেয়র পদে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
গতকাল নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আট মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর ১৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথমে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে
আওয়ামী লীগ প্রার্থী
ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ, কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌস, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন এবং খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিনের
মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময়
সিটি করপোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণখেলাপি অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা মহফুজা আক্তার।










