অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার পাশে দুই সপ্তাহ থাকার পর লন্ডন ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। গতকাল সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন রওনা হন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গতকাল সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবীর খান বলেন, ‘পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেছেন ডা. জুবাইদা রহমান। নির্দিষ্ট সময়েই উড়োজাহাজটি ছেড়েছে।’ ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছার কথা বলে জানান শায়রুল কবীর।

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার পাশে থাকতে ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জুবাইদা। বিএনপির সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসাকাজ তদারক করেছেন।