কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের গুলিতে নারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫), তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল ভোরে ১৩ নং ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০-২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা হঠাৎ এসে গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এরপর এপিবিএন ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, হামলাকারীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা গেছে। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। 

২৪ কেজি আইস জব্দ: কক্সবাজারের উখিয়ায় ২৪ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) চারজনকে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। র‍্যাবের দাবি, এযাবৎকালের সবচেয়ে বড় মাদক চালান এটি।

গতকাল দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।