রাজধানীর হাজারীবাগ গণকটুলি এলাকায় ‘নেশার টাকা না পেয়ে’ মায়ের সঙ্গে অভিমান করে মোহাম্মদ সাগর (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ ​ভোর সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার মা হামিদা আক্তার জানান, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং কোনো কাজকর্ম করত না। শেষ রাতে আমার কাছে নেশা করার জন্য টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগরের সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিমান করে নিজের ঘরের ভেতর বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

চিকিৎসকে বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।