ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রোমান মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোমান কাজীপাড়ার দরগা মহল্লার আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হোসাইনকে (২০) আটক করেছে পুলিশ। তিনি দরগা মহল্লার শিশু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান ও হোসাইন পেশায় দুজনই কসাই। তারা একসঙ্গে কসাইয়ের কাজ করতেন। রোমানের কাছে ৪০০ টাকা পেতেন হোসাইন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় গতকাল দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ রোডের একটি চায়ের দোকানে রোমানের বুকে ছুরিকাঘাত করে হোসাইন। পরে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম জানান, অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। পাওনা টাকা নিয়েই এ হত্যাকাণ্ড ঘটেছে।