সিরাজগঞ্জে ধানক্ষেতের মধ্যে খড়ের গাদার নিচ থেকে শরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ফুলবাড়ী তালতলা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শরিফুল পার্শ্ববর্তী তেলকুপি গ্রামের ওয়াসিমের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি শরিফুল। আজ সকালে ফুলবাড়ি তালতলা এলাকার ধানক্ষেতের মধ্যে খড়ের গাদার নিচে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতারের মর্গে পাঠায়।  

ওসি আরো জানান, কিশোরের গলায় গেঞ্জি পেঁচানো ছিল। মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে খড়ের গাদার নিচে মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল।  ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।