ঝিনাইদহের শৈলকুপায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নির্যাতিতা ওই স্কুলছাত্রীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতার পিতা জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিল। বাড়ির বাইরে গেলে একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত আরও ৩ জনের সহযোগিতায় তাকে তুলে নিয়ে যায়। সেখান থেকে বাড়ির পাশের কলাবাগানে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যায়। 

পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।