দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, জামালপুর ও মাদারীপুরে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন টাঙ্গাইল কারাগারের কারারক্ষী আবুল হোসেনের স্ত্রী সোনিয়া বেগম (২৫) ও তাদের দুই বছরের মেয়ে জান্নাত।

জানা যায়, ছুটি শেষে কর্মস্থল টাঙ্গাইলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বরঙ্গাইল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসচালক ও হেলপার পলাতক।

ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতরা হলেন জেলা শহরের কান্দিপাড়ার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও কিসমত খাঁর ছেলে নীরব খাঁ (১৮)। তারা দুজনেই শিক্ষার্থী ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

জয়পুরহাট: জেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মণ্ডল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে পাঁচবিবি উপজেলার বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জামালপুর: জেলার দেওয়ানগঞ্জে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক সুজন মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

মাদারীপুর: জেলার ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গতকাল বিকালে ঘটা এ দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হন। কালকিনি ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।