সিরাজগঞ্জের বেলকুচি রান্ধুনীরাড়ী চরে দুর্বৃত্তদের হামলায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কোনাবাড়ীচর গ্রামের মৃত আহেত শিকদারের ছেলে সিরাজুল শিকদার ওরফে সেরাজ ডাকাত (৬০) ও তার ছেলে সাঈদী শিকদার (২০) মোকিমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রান্ধুনীবাড়ী নৌকাঘাট পার হয়ে চরে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়, ধারাল অস্ত্র দিয়ে তাদের এলোপাতারি মাথায় কোপাতে থাকে। তাদের চিত্কারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সিরাজ ও সাঈদী ঘটনাস্থলেই মারা যান।
বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এখবর নিশ্চিত করে জানান, বেলকুচির এই চরাঞ্চলে ডাকাতদের দুটি সক্রিয় গ্রুপ রয়েছে। এদেরই একটি গ্রুপের সদস্য ও ৭টি মামলার আসামি সিরাজুল শিকদার ওরফে সেরাজ ডাকাতের সঙ্গে কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।










