নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ বলেছেন, অতীতে যেমন এ সিটি করপোরেশনে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করেছি, এবারো একইভাবে করব। আমি আমার পরিষদকে আহ্বান জানাব, আমরা মানুষের কল্যাণে কাজ করব। এখানে কোনো ধরনের দলাদলি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি কোনো কিছুই হতে পারবে না। আশা করি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। নগরবাসীও আমাকে সহযোগিতা করবে।

গতকাল বেলা ১১টায় তৃতীয়বারের মতো মেয়র পদে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হন আইভী।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, অসিত বরণ বিশ্বাস, রুহুল আমিন, মো. সামসুজ্জোহা, শাওন অংকন প্রমুখ।

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রথম কার্যদিবসেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

 রবিবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নগরভবনে গিয়ে মেয়র ডা. আইভীকে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. নাজমুল হাসান প্রমুখ।