নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ার আদনান টাওয়ার নামে সাততলা ভবনের চার তলার ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দগ্ধ পোশাক শ্রমিক মামুন (২৭) মারা গেছেন। গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাক শ্রমিক মামুন সকাল ৮টায় মারা গেছেন। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরো দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে পারভেজের শরীরের শতভাগ ও জীবনের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে যাওয়া আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, আগুন লাগা ফ্ল্যাট বাসায় গ্যাসের কোনো সিলিন্ডার ছিল না। তবে গ্যাসের চুলা ছিল। চুলা থেকেই গ্যাস লিকেজ হয়ে ফ্ল্যাট বাসায় আগুন লাগতে পারে। তদন্ত না করে আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কারণ বলা যাবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কদমতলীর উত্তরপাড়া এলাকার একটি সাততলা ভবনের চার তলার ফ্ল্যাট বাসায় বৈদ্যুতিক সুইচ অন করতে গেলেই আকস্মিকভাবে আগুন লেগে যায়। এতে একটি পোশাক কারখানার তিন শ্রমিক দগ্ধ হন।