ব্রাহ্মণবাড়িয়া পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সালাউদ্দিন খান নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন খান নোমান জানান, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইনে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেন এবং কোন সময় এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।
অন্যদিকে অপর ঘটনায় সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন তিনি। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুই ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করতে পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান এসআই সালাউদ্দিন খান নোমান।










