বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সিদ্ধান্ত জনগণকে নিতে দেন, অন্য কেউ দিতে পারবে না। আমরা দিনক্ষণ বলছি না, আমরা বলছি সবাই মিলে দেশ গড়ি। সবাই মিলে হাসিনার পতন ঘটিয়েছে। একক ক্ষমতায় গেলেও যাব না, সবাইকে নিয়ে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার করা হবে।

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার চায় উল্লেখ করে আমীর খসরু মাহমুদ বলেন, এটা বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ মানবে না। আগামীর রাজনীতি কি হবে, তার সিদ্ধান্ত দেবে জনগণ, অন্য কেউ দিতে পারবে না। এরশাদ চেয়েছে, হাসিনা চেয়েছে, পারেনি। আমরা ৩১ দফা ঘোষণা করেছি। ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এটার বাস্তবায়ন হবে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। আগামী দিনে এসব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। জাতির জনক বলতে যা বোঝায় এগুলো এক ব্যক্তির নয়, এগুলোর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সবাইকে স্বীকৃতি দিতে হবে। সকলকে স্বীকৃতি দিয়ে আমেরিকা সবাইকে সম্মান দিয়েছে। গুম, খুন, হত্যা মামলা, নিপীড়ন, আইনের শাসন কেড়ে নেয়া হয়েছে এক ব্যক্তির নাম দিয়ে।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় এ সময় কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ অনান্যরা উপস্থিত ছিলেন।