সারা দেশে প্রাথমিক শিক্ষায় বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের শিক্ষার মান সবচেয়ে ভালো এবং সিলেট বিভাগের শিক্ষার মান সবচেয়ে বেশি খারাপ বলে তথ্য প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন ২০২২-এর জাতীয় প্রচারণা কৌশল শীর্ষক এক কর্মশালায় এ জরিপের তথ্য প্রকাশ করা হয়।

কক্সবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় গতকাল একটি হোটেলের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এতে ইউনিসেফ বাংলাদেশ-এর চিফ অব এডুকেশন দীপা শংকর, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের শিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।

কর্মশালায় দেয়া বক্তব্যে সচিব ফরিদ আহমেদ জানান, দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিশুবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার স্পেস রাখা হচ্ছে। ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হবে। কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার শিক্ষা বিভাগের ৯০ কর্মকর্তা অংশ নেন।