থাইল্যান্ডের ব্যাংককে আজ বুধবার (২ এপ্রিল) শুরু হয়েছে বিমসটেক সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ের ২৫তম অধিবেশন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নিয়েছে। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এ সময় বিমসটেকের ‘বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, বিশেষ করে ব্লু ইকোনমি’ সংক্রান্ত খাতের অগ্রগতির ওপর বক্তব্য দেন পররাষ্ট্র সচিব। এ খাতের নেতৃত্বদানকারী দেশ হিসেবে ছয়টি গুরুত্বপূর্ণ চুক্তির দ্রুত চূড়ান্তকরণে সদস্য দেশগুলোর পূর্ণ সহযোগিতা কামনা করেন বাংলাদেশ।

চুক্তিগুলো হলো– বিমসটেক মুক্ত বাণিজ্য এলাকার আওতায় পণ্য বাণিজ্যের কাঠামোগত চুক্তি, রুলস অব অরিজিন, কাস্টমস সংক্রান্ত পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ ও সেবা বাণিজ্য।

বৈঠকে গত সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ের পর অনুষ্ঠিত বৈঠকের প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এছাড়া, বিমসটেকের ভবিষ্যৎ দিকনির্দেশনা সংক্রান্ত এমিনেন্ট পারসনস' গ্রুপের প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। এছাড়া বিমসটেকের বিভিন্ন কেন্দ্রের কার্যক্রম নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল বিমসটেক আবহাওয়া ও জলবায়ু কেন্দ্রের কার্যক্রম এবং বিমসটেক ট্রপিক্যাল মেডিসিন কেন্দ্র প্রতিষ্ঠা নিয়ে পর্যালোচনা।

আগামী উচ্চপর্যায়ের বৈঠকগুলোর প্রস্তুতির অংশ হিসেবে সিনিয়র অফিসিয়ালরা আগামীকাল অনুষ্ঠেয় ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া কার্যসূচি ও প্রতিবেদন চূড়ান্ত করেন। একইসঙ্গে, ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া কার্যসূচি ও ঘোষণাপত্রও চূড়ান্ত করা হয়। পরবর্তী ২৬তম বিমসটেক সিনিয়র অফিসিয়ালস' মিটিং বাংলাদেশে অনুষ্ঠিত হবে।