হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এসময় ক্ষতিগ্রস্তদের অভয় দিয়ে আইজিপি বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়াবাসীকে স্পষ্ট করে বলতে চাই ১৮ কোটি বাংলাদেশী আপনাদের সঙ্গে রয়েছে। একসঙ্গে আমরা ভয়কে অতিক্রম করতে পারব। কোনো বিশেষ গোষ্ঠী কোনো একটি অঞ্চলকে উপদ্রুপ এলাকা হিসেবে পরিণত করবে- এটা হতে দেব না।’
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বেনজীর আহমেদ বলেছেন, ‘বারবার কেন রাষ্ট্রীয় সম্পত্তির ওপর আঘাত করা হচ্ছে? তাদের অবস্থানটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে?’
পুলিশ প্রধান আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের নিরাপদে ও নিশ্চিন্তে ঘুমানোর অধিকার আছে। এই অধিকার আমরা নিশ্চিত করব। যার যার কাছে হামলার ভিডিও ও ছবি আছে, তারা যেন তা পুলিশকে সরবরাহ করে। মামলা করেন, আমরা ব্যবস্থা নেব।










