নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় বেড়ে গেছে কুকুরের সংখ্যা। হাইকোর্টের নির্দেশনার কারণে সিটি করপোরেশন কুকুর নিধনও করতে পারছে না। তাই নাগরিকদের সুরক্ষায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছে নাসিক । নগরীতে প্রায় ১৫ হাজার কুকুরকে ভ্যাকসিন দেয়ার টার্গেট নেয়া হয়েছে।

গতকাল সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সভাকক্ষে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন। আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সিটি কাউন্সিলর কবির হোসেন, শফিউদ্দিন, জমসের আলী ঝন্টু, রুহুল আমিন, মোহাম্মদ সাগর প্রমুখ।