শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী কয়েকদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি ট্রাকে চড়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ফার্মগেট থেকে শুরু হওয়া মার্চটি শাহবাগে গিয়ে শেষ হয়।
এ সময় সংগঠনের প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের আগ পর্যন্ত “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে চার দফা দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ইনকিলাব মঞ্চ। এসব আলোচনা থেকেই পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে।’
গত ১২ ডিসেম্বর রিকশায় করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। তবে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।










