নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কোথাও কোনো শঙ্কা নেই। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার সুযোগ পাবে না। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক জানান, ভোটের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ৩৯টি দল কাজ করবে। পাশাপাশি পুলিশের ৭৬টি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৬৫টি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০টি দল কাজ করবে। এর বাইরে দায়িত্ব পালন করবেন আরো ছয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটার ও প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভোটগ্রহণ যেন সুষ্ঠু হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কোথাও কোনো শঙ্কা নেই। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে গ্রেফতার-হয়রানির অভিযোগ প্রসঙ্গে মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা এখন পর্যন্ত ২০০ মামলা করেছি, একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। তবে কেবল দাগি আসামিদের বিরুদ্ধেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করেছে।

বহিরাগতদের অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ ক্লাবের কথা আমরা জানি না, কারণ সেটা সরকারি প্রতিষ্ঠান নয়। এছাড়া কোনো সরকারি বাসস্থানে প্রশাসনের লোক ছাড়া কাউকে স্থান দেয়া হয়নি।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ভোট দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। প্রার্থীদের প্রতি ভোটারদের সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতদিন সবাই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়েছেন। আশা করি ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন।

এ সময় র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য সর্বত্র চেষ্টা রয়েছে। যারা ভোটার আছেন, তারা যেন নির্বিঘ্নে ও নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারেন ও নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তার সর্বোচ্চ চেষ্টা রয়েছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য যা কিছু দরকার, তা করা হবে বলে আশ্বস্ত করেন ৬২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। তিনি বলেন, র্যাব, পুলিশসহ অন্যান্য বাহিনীর সঙ্গে মিলে আমাদের টিম কাজ করছে। নির্বাচনের সুন্দর পরিবেশ অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।