জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় ২০ যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার চনপাড়া-নোয়াপাড়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে নিখোঁজ দুই নারী যাত্রীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টি নামে নিখোঁজ এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আরেক যাত্রী।
ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান, শীতলক্ষ্যা নদীর তারাব নোয়াপাড়া ঘাট থেকে চনপাড়া যাওয়ার সময় মাঝ নদীতে বালিবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ২০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার ১৮ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই নারী পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। গতকাল দুপুর ১২টার দিকে ফাতেমা আক্তার সৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ জোবেদা বেগম নামের আরেক নারী। নৌকাটিকে ধাক্কা দেয়া বাল্কহেডটি নৌ-পুলিশ আটক করেছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে গেছে।
ঢাকা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ প্রিন্স জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলসহ আশপাশে তল্লাশি চালাচ্ছেন। তারাব ঘাটের সামনে থেকে ভাসমান অবস্থায় এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নৌ-পুলিশের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










